বিএনপি ও জামায়াত সমর্থিত চার প্রার্থীর বিরুদ্ধে ১১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি ও জামায়াত-সমর্থিত চার প্রার্থীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে তিনটি ও দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে দাখিল করা তাঁদের হলফনামা থেকে এ বিষয় জানা গেছে। ১৯ মে ওই দুই উপজেলা পরিষদের নির্বাচন হবে।
ওই প্রার্থীদের হলফনামা থেকে দেখা গেছে, আদর্শ সদর উপজেলা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফজলুল হকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলাবিরোধী অপরাধ আইনে কুমিল্লার দ্রুত বিচার আদালতে একটি ও বিস্ফোরক দ্রব্য আইনে কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল আদালতে আরেকটি মামলা বিচারাধীন। এ উপজেলায় ১৯ দল-সমর্থিত মহানগর জামায়াতের কর্ম পরিষদের শুরা সদস্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম এমদাদুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চারটি এবং মারামারির অভিযোগে দুটি মামলা রয়েছে।
জানতে চাইলে এ কে এম এমদাদুল হক জানান, এ সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
সদর দক্ষিণ উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম খন্দকারের বিরুদ্ধে মারামারির একটি মামলা রয়েছে। জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সদর দক্ষিণ উপজেলা দক্ষিণাঞ্চলের আমীর হোসাইন মোহাম্মদ নূরুল্লাহর বিরুদ্ধে দুটি মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।
আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে দুই উপজেলায় প্রার্থীর সংখ্যা ২৩ জন।