আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করার হুমকি দিয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা ওই হুমকি দেন।
এ সময় লিখিত বক্তব্য পড়েন বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার। উপস্থিত ছিলেন একই দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী এম এ মাসুদ, জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি বদরুজ্জামান খসরু প্রমুখ।
পারভীন আক্তার অভিযোগ করে বলেন, ২৪ মার্চ নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি নেতা সালাম হত্যা মামলার আসামি সাত্তার, ফারুক, এমদাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রচারকাজে বাধা দেয়। বিষয়টি আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তাঁরা স্থানীয় আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বাবুকে জানাতে বলেন। সাংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রভাব বিস্তার করছেন।
নির্বাচনের পরিবেশ না থাকলে ৩১ মার্চ নির্বাচন বর্জন করবেন বলে ঘোষণা দেন প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাড়ি বাড়ি গিয়ে ক্ষমতাসীন দলের লোকজন এই বলে হুমকি দিচ্ছেন যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বাইরে কাউকে ভোট দিতে চাইলে তিনি যেন ভোটকেন্দ্রে না যান।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে সাংসদ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
প্রার্থীদের অভিযোগ ও হুমকির ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুলশান আরা বলেন, ‘প্রার্থীরা আমাদের কাছে কোনো অভিযোগই করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’