বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক কমিটি গঠন ও একই স্থানে সভা আহ্বান নিয়ে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ভাঙচুরও চালানো হয়।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাদা প্যানেলের শিক্ষকেরা গতকাল বিকেল পাঁচটায় তাঁদের নবগঠিত কমিটির ঘোষণা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১৪৮ নম্বর কক্ষে সভা আহ্বান করেন। সেখানে আগে থেকেই অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের সোনালি প্যানেলের শিক্ষকেরা। সভা করলে সমস্যা সৃষ্টি হতে পারে, এই ভেবে সাদা প্যানেলের শিক্ষকেরা সেখানে সভা না করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সভাকক্ষে সভার আয়োজন করেন।এ খবর পেয়ে সোনালি প্যানেলের শিক্ষকেরা সেখানে গিয়ে বলেন, তাঁরা আগে থেকেই সেখানে সভা করার অনুমতি নিয়েছেন। তাঁরা সাদা প্যানেলের কমিটি মানেন না বলে জানান এবং তাঁদের সভা করতেও নিষেধ করেন। এরপর সাদা প্যানেলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম সভার কাজ শুরু করলে সোনালি প্যানেলের শিক্ষকেরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় প্যানেলের শিক্ষকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হলে পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ডিনস কমপ্লেক্সের সভাকক্ষের চেয়ার-টেবিল, সোফা, বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানতে চাইলে সাদা প্যানেলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবেই সভা করছিলাম। কিন্তু সোনালি প্যানেলের শিক্ষকেরা উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমাদের ওপর হামলা চালান।’অভিযোগ অস্বীকার করে সোনালি প্যানেলের সাধারণ সম্পাদক অধ্যাপক খোন্দকার ইমামুল হক বলেন, ‘আমরা ডিনস কমপ্লেক্সে সভা করার অনুমতি নিয়েছিলাম। কিন্তু সাদা প্যানেলের শিক্ষকেরা পূর্বপরিকল্পিতভাবে জায়গা দখল করে সভার আয়োজন করে। এতে আপত্তি জানালে সাদা প্যানেলের শিক্ষকেরা সোনালি প্যানেলের শিক্ষকদের ওপর চড়াও হন।’উপাচার্য এম আবদুস সোবহান বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এ ধরনের ঘটনা কেউ প্রত্যাশা করে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।উল্লেখ্য, অর্থনীতি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এন এম জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (সাদা প্যানেল) ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর কয়েক দিন পর সাদা প্যানেল থেকে বেরিয়ে আসা বিএনপিপন্থী একাংশ শিক্ষকদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সোনালি প্যানেল) কমিটি গঠন করা হয়। এ প্যানেলের ৪১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হলেন ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের (আইবিএসসি) অধ্যাপক এম এ বারী মিয়া এবং সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক খোন্দকার ইমামুল হক সানজিদ।