বিএনপি ও জামায়াতের দেড় শ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াত এবং দল দুটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ১৪৮ জন নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার অভিযোগে মামলার আসামি ও নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে তাঁদের আটক করা হয়।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে হরতালের সমর্থনে গতকাল বগুড়ায় পিকেটিং করার সময় আটক পাঁচজনকে ১৫ দিনের করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রংপুরে গতকাল ২৮ জনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে ২৭ জন জামায়াতের কর্মী। পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানিয়েছেন, বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
গাইবান্ধার সাত উপজেলায় শনিবার রাত ১০টা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। নাশকতার আশঙ্কায়¦তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।
সাতক্ষীরায় শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াত-বিএনপির সাতজন কর্মী আছেন। নাটোরে ট্রাকে আগুন ও ভাঙচুরের অভিযোগে শনিবার রাতে সিংড়ার শেরকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জে গত শনিবার দিবাগত রাতে বিএনপির পাঁচজন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল জামায়াতের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ওই তিনজনের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা আছে।
চট্টগ্রামের পটিয়ায় গত শনিবার রাতে উপজেলা যুবদলের সহসভাপতি নুর মোহাম্মদ ওরফে মধু (৪৭) ও শিবির ক্যাডার মো. মোস্তাক চৌধুরী ওরফে মোস্তাককে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার উপপরিদর্শক কামরুল হাসান। তাঁদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় গতকাল বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারে টেকনাফ থেকে গতকাল সকাল ছয়টার দিকে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে স্থানীয় হ্নীলা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ফরিদুল আলমও (৪৮) আছেন। টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, গ্রেপ্তার হওয়া সবাই বিভিন্ন মামলার আসামি।
নোয়াখালীতে গতকাল বিএনপির ডাকা হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় শহরের সোনাপুর এলাকায় একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গত শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১২ জন ও জামায়াতের একজন কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের গতকাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পিরোজপুরে নাশকতা চেষ্টার অভিযোগে কাউখালী মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি লিয়াকত তালুকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য দুলাল কুমার শীলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড: হরতালের সমর্থনে গতকাল সকালে বগুড়া শহরের মাটিডালি এলাকায় পিকেটিং করার সময় বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ও বগুড়ার নির্বাহী হাকিম মাসুদুর রহমান প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে নাশকতা-ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, সাতক্ষীরা; নোয়াখালী অফিস; সাতকানিয়া ও পটিয়া (চট্টগ্রাম), মানিকগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, বগুড়া, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি}