বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশ কাল
চলমান আন্দোলনের অংশ হিসেবে কাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি সংবাদ সম্মেলনে এবং জামায়াত সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, লক্ষ্মীপুরের নুরুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি এ কর্মসূচি দিয়েছে। রমজান মাসেও দলটির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।জামায়াত কর্মসূচি দিয়েছে দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের সমাধান এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে।বিএনপির সংবাদ সম্মেলন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং প্রতিটি উপজেলা, জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো বিএনপি কথায় কথায় হরতালের রাজনীতিতে বিশ্বাস করে না। জনস্বার্থে এবং এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে তামাশা করবেন না। তাদের একটু স্বস্তি দিন, শান্তিতে থাকতে দিন। আর তা না পারলে ক্ষমতা ছেড়ে বিদায় হন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নুরুল ইসলামের হত্যাকারীর ফাঁসির রায় মওকুফ করে রাষ্ট্রপতি ও সরকার ক্ষমাহীন কাজ করেছে। রাষ্ট্র এখন সন্ত্রাসকে উৎসাহিত করছে। এই ক্ষমাহীন ক্ষমার কি বিচার হবে না? সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ ও রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।জামায়াতের সংবাদ ব্রিফিং: বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সব মহানগর, জেলা ও উপজেলা সদরে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি জানান, এ কর্মসূচি বিএনপিসহ চার দলের শরিকেরা যুগপৎভাবে পালন করবে।এ টি এম আজহার অভিযোগ করেন, শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা রাজনৈতিক ব্যানার থেকে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।