বিএনপি ও জামায়াতের ১২০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১৭৯ জনকে আটক করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াত এবং দল দুটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীর সংখ্যা ১২০ জন। নাশকতার মামলার আসামি ও নাশকতার চেষ্টাসহ নানা অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
এদিকে নোয়াখালীতে অবরোধের সমর্থনে ককটেল ফাটানোয় শিবিরের এক কর্মীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরায় গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
গাইবান্ধার সাত উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত গ্রেপ্তার করা ওই ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায়¦তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ফেনীতে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জসিমসহ বিএনপি-জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
খুলনা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও নগরের খানজাহান আলী থানা বিএনপির সদস্য আজিজুর রহমানসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে নিয়মিত মামলার আসামি রয়েছেন ৩২ জন। এ ছাড়া নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জে বিভিন্ন এলাকা থেকে গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের উপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রংপুরে সোমবার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের আটজন কর্মী রয়েছেন। অন্য ২৭ জন বিভিন্ন মামলার আসামি।
কুড়িগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার ভোরে বিএনপি-জামায়াতের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক সোহরাব হোসেন জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুর রহমানকে (২২) সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের চন্দনাইশে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদকে সোমবার গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ ছয়টি মামলা রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড: নোয়াখালীতে অবরোধের সমর্থনে ককটেল ফাটানোর দায়ে সালাহ উদ্দিন (২০) নামের এক শিবির কর্মীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম তাঁর এ রায় দেন। সালাহ উদ্দিনকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত সোমবার রাত পৌনে আটটার দিকে শহরের গোদার মসজিদ এলাকায় ককটেল ফাটানোর অভিযোগে স্থানীয় লোকজন সালাহ উদ্দিনকে আটক করে পুলিশে দেয়।
এ ছাড়া নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, সাতক্ষীরা; ফেনী, নোয়াখালী, ফরিদপুর, খুলনা ও কুড়িগ্রাম অফিস; মানিকগঞ্জ প্রতিনিধি, গাইবান্ধা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি}