বিএনপি ও জামায়াতের ৩৭ কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় গাড়ি ভাঙচুরের অভিযোগে ঢাকার সাভারে পৌর কাউন্সিলরসহ বিএনপি ও জামায়াতের ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মোজাম্মেল হোসেন নামে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে।সাভার থানার পুলিশ জানায়, ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে গত সোমবার ভোরে সাভার পৌরসভার স্মরণিকা এলাকায় হরতাল-সমর্থক বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা ছয়টি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ভাঙচুরে অংশ নেওয়া নেতা-কর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেন।মামলায় সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ মোল্লা, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী খান, যুবদলের নেতা ইউনুস খান, বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শাহ মইনুল হোসেন, ফারুক হোসেন, নবীন, শহিদুল্লাহ, আমজাদ হোসেন এবং জামায়াতে ইসলামীর সাভার পৌরসভার আমির এ বি এম নরুল হক, আমির হোসেন, মোজাম্মেল হোসেনসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে।যোগাযোগ করা হলে খোরশেদ আলম বলেন, ‘সোমবার সাভারে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিরই এক প্রভাবশালী নেতার ইন্ধনে মামলাটি করা হয়েছে। মামলায় শুধু আমার অনুসারী নেতা-কর্মীদেরই আসামি করা হয়েছে।’সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মামলা দায়ের ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অন্যদের নাম উল্লেখ না করে আসামি করা হয়েছে।