বিএনপি ও জামায়াতের ৪৮ নেতা-কর্মী কারাগারে
নীলফামারীতে পৃথক দুটি মামলায় গতকাল মঙ্গলবার বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়। ওই রাতেই জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারী বাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং স্থানীয় গোবিন্দ নামের এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগ করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের শতাধিক দোকান পুড়ে যায় এবং সহিংসতায় অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনায় প্রায় ছয় কোটি টাকার ক্ষতি দাবি করে ১৯ ডিসেম্বর লক্ষ্মীচাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিএনপিসহ জামায়াত-শিবিরের ৩৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এদিকে একই বছরের ৯ এপ্রিল ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে নীলফামারী শহরের এবাদত প্লাজার সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা দোকানপাট ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজমসহ ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করে।
পুলিশের করা মামলায় পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজসহ ১১ নেতা-কর্মী এবং অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় কামরুজ্জামানের মামলায় লক্ষ্মীচাপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি, ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি, জামায়াত-শিবিরের ৩৭ নেতা-কর্মী গতকাল দুপুরে নীলফামারীর মুখ্য বিচারিক হাকিম সাইফুল ইসলামের আদালতে হাজির হন। এ সময় তাঁরা জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দলীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালতের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সেখান থেকে পৌরবাজারে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব গোলাম মোস্তফা, ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম বাবলা প্রমুখ বক্তব্য দেন।