বিএনপি ও জামায়াতের ৫২ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বিএনপির ঢাকা হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জেলায় বিএনপি ও জামায়াত-ছাত্রশিবিরের ৫২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে গত সোমবার চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের আরও চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এ গ্রেপ্তার অভিযান চলে।ফরিদপুরে হরতালের সমর্থনে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: জেলার তিন উপজেলার পৃথক স্থান থেকে জামায়াত-শিবির ও বিএনপির ১৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সন্দেহভাজন নয় কর্মীকে আটক করে পুলিশ। গতকাল তাঁদের ১৫১ ধারায় জেলহাজতে পাঠানো হয়েছে।নাচোল থানার ওসি একরামুল হক সরকার বলেন, গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।এ ছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জে জামায়াতের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।খুলনা: হরতালের সমর্থনে গতকাল বিকেলে মিছিলের চেষ্টাকালে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভুইয়া বলেন, মিছিলের চেষ্টা করলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নগরের দৌলতপুর এলাকা থেকে নগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামসহ ছয়জনকে এবং খালিশপুর থেকে কেসিসির কমিশনার মনিরুজ্জামানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।সিরাজগঞ্জ: গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয়জন ও বিএনপির একজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রশিবিরের কর্মীদের শহরের বিভিন্ন ছাত্রাবাস থেকে ও বিএনপির কর্মীকে দত্তবাড়ি মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলম বলেন, পরে তাঁদের গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহর উপজেলায় গতকাল ভোরে অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুক্তি মাহমুদ রয়েছেন। তাঁদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ফরিদগঞ্জ (চাঁদপুর): নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গতকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের ফরিদগঞ্জ উপজেলার নায়েবে আমির হাবিবুর রহমান, ফরিদগঞ্জ পৌর সেক্রেটারি জেনারেল মিজানুর রহমান রয়েছেন।চট্টগ্রাম: গত সোমবার বিকেলে নগরের মুরাদপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের আরও চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক আছেন আরও ১১ জন। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগ শহরে পৃথক মিছিল ও সমাবেশ করেছে। গোপালগঞ্জেও হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।ফরিদপুর: প্রত্যক্ষদর্শী সূত্রের বক্তব্য মতে, হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরের জনতা ব্যাংক মোড়ে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা সেখানে ধাওয়া করেন।ছাত্রলীগের কর্মীদের হাতে চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল। ধাওয়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা পুলিশের সহায়তায় অতর্কিতে হামলা চালিয়ে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পণ্ড করে দিয়েছে।’ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজি ৎ মুখোপাধ্যায় বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত নন।পুলিশের সহায়তার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ছাত্রদলের নিজেদের মধ্যে মারামারির খবর শুনে পুলিশ সেখানে যায়। পরে ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা করেন।