বিএনপি ও জামায়াতের ৭৭ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের ৭৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। হামলা, সহিংসতার অভিযোগে আগে দায়ের হওয়া মামলায় এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: জেলার সাতটি উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল বিকেল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, সাদুল্যাপুরে পাঁচজন, সুন্দরগঞ্জে ১৩ জন, পলাশবাড়ীতে আটজন, গোবিন্দগঞ্জে চারজন, সাঘাটায় চারজন এবং ফুলছড়ি উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী): পুলিশ দাবি করেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ধলাগাছ গ্রামে জামায়াতে ইসলামীর সৈয়দপুর পৌর শাখার আমির মো. মোস্তাকিমের বাড়িতে গতকাল সকালে গোপন বৈঠকে বসেন মোস্তাকিমসহ দলটির ১৯ জন নেতা-কর্মী। বৈঠকে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং সেখান থেকে মোস্তাকিমসহ সবাইকে গ্রেপ্তার করে। পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি ও সাংগঠনিক বই, প্রচারপত্রসহ নথিপত্র উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন। সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর: বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকা থেকে পুলিশ গত বৃহস্পতিবার যুবদল ও ছাত্রদলের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে দাদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকায় চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে ইউনিয়ন বিএনপি সমাবেশ করে। এর পরপরই পুলিশ ছাত্রদলের কর্মী মো. সোহাগ এবং যুবদলের কর্মী মো. হাফিজুর ও মো. মফিজুরকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকার মো. ওসমান গণি, সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার মো. কুতুব উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া এলাকার আবদুর রাজ্জাক, কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকার জাহাঙ্গীর আলম এবং একই এলাকার মো. সেলিম উদ্দিন। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বলেন, মহাসড়কে গাড়ি ভাঙচুরের চেষ্টা করার সময় ওসমান গণিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আদমদীঘি (বগুড়া): আওয়ামী লীগের শোভাযাত্রায় হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রাতে ছাত্রশিবিরের আদমদীঘি উপজেলা শাখার সাবেক সভাপতি আহসান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহসান হাবিব সদর ইউনিয়নের জিনইর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, ৩ নভেম্বর জেলহত্যা দিবসে শোক শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। বাসস্ট্যান্ড এলাকার দলটির কার্যালয় থেকে উপজেলা পরিষদ চত্বরে যাওয়ার সময় জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় হামলা চালান। ওই ঘটনায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই মামলায় আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।