বিএনপি ও জামায়াতের ৮৭৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাট-বাড়িঘর ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অন্যান্য সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের ৮৭৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাজশাহীতে ৩০০, ব্রাহ্মণবাড়িয়ায় ২০০, সুনামগঞ্জে ১৫০, চাঁদপুরে ১৫০ ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—রাজশাহী: নগরের বিনোদপুর এলাকায় গত মঙ্গলবার পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের ৩০০ জনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া: হরতালে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সদর থানার পুলিশ এসব মামলা করেছে। সুনামগঞ্জ: জেলা শহরে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের ওপর ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাঁদপুর: হরতালে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জলিল গেট ও বানুবাজার এলাকায় মঙ্গলবার হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৬ জনকে আসামি করা হয়। জামায়াতের দুই নেতা গ্রেপ্তার: লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুল লতিফ মাস্টারকে গতকাল বুধবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে।