চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন। গতকাল বুধবার আয়োজিত ওই সভায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
হাজীগঞ্জ উপজেলার অলীগঞ্জ পিটিআই ইনস্টিটিউটে ওই সভা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক (ডিসি) আবদুস সবুর মণ্ডল ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার বক্তব্য দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় আটজন সদস্য, তিনজন সংরক্ষিত আসনের সদস্য ও ১০ জন চেয়ারম্যান প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁদের শঙ্কার কথা জানান। তাঁরা ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
রাজারগাঁও ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রফিক পাটওয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাদী মিয়া বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় তাঁকে বাধা দিচ্ছেন। গত শুক্রবার বিকেলে তাঁর কয়েকজন নেতা-কর্মীকে মেরে আহত করা হয়েছে। এ ব্যাপারে আবদুল হাদী মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ভুইয়া অভিযোগ করে বলেন, তাঁদের দলের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছেন। হাটিলা (পূর্ব) ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জলিলুর রহমান মির্জা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন মিয়াজীর এলাকায় অবস্থিত দুটি কেন্দ্রে রাতে ব্যালটে সিল মারার আশঙ্কা রয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
সভায় গন্ধব্যপুর (দক্ষিণ) ইউপির বিএনপির প্রার্থী মো. বিল্লাল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন, গন্ধব্যপুর (উওর) ইউপির বিএনপির প্রার্থী আলী আকবর শেখ ও বাকিলা ইউপির বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
প্রার্থীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। তিনি কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলেন।