বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর এজেন্ট-সমর্থকদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার কয়েকটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। গতকাল বুধবার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এ অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ১৯টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
পত্নীতলার নজিপুর ইউপির ফয়েমপুর গ্রামের বাসিন্দা পুলক ও সুমন বলেন, মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) সমেজ আলী একটি পুলিশ পিকআপে কয়েকজন পুলিশ সদস্যসহ বাড়িতে এসে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোজ কুমারের পক্ষে কাজ করলে মামলা দেওয়ার হুমকি দেন।
ওই গ্রামের বাসিন্দা পার্বতী ও মিনতি রানী বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন পুলিশ বাড়িতে এসে তাঁরা মনোজের পক্ষে কাজ করলে বাড়িতে এক দিনও শান্তিমত ঘুমাতে পারবেন না বলে হুমকি দিয়ে গেছেন।
নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমার মণ্ডল বলেন, ‘থানার ওসি আজিম উদ্দীন আমাকে ফোন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়েছেন। পুলিশ আমার কর্মী-সমর্থক ও এজেন্টদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে।’
তবে ওসি আজিম উদ্দীন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। মুঠোফোনে এসআই সমেজ আলী প্রথম আলোকে বলেন, ‘আসলে আমি ওই দিন ফয়েমপুরে একটি মামলার এক আসামি ধরতে গিয়েছিলাম। নির্বাচনের বিষয়ে কাউকে হুমকি দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, এটা ঠিক নয়।’
একই উপজেলার ঘোষনগর ইউনিয়নের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেন, মনোনয়ন জমা দেওয়ার পর থেকে সরকারদলীয় প্রার্থী ও তাঁর কর্মীরা রফিকুলের কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছেন এবং কয়েকজন এজেন্ট ও সমর্থককে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছেন। তবে জানতে চাইলে এসব অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ওসমান আলী গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র হিসেবেই লড়ছি। তারপরও আমার এজেন্ট ও সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নানাভাবে নৌকা প্রার্থীর কর্মীরা হুমকি দিচ্ছেন।’
উপজেলার আড়ানগর ইউপির বিএনপির প্রার্থী মিল্টন উদ্দীন তাঁর এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। নির্বাচন কর্মকর্তা ও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে তিনি অভিযোগ করেন।
জানতে চাইলে পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘দু-একটি মৌখিক অভিযোগ আমাদের কাছে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগের ব্যাপারে সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’