বিএনপি ও যুবদলের একই স্থানে সমাবেশ, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্থানীয় বিএনপি ও যুবদল একই স্থানে একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।বিএনপি সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি গতকাল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, লোহাগাড়া উপজেলা যুবদলও একই সময়ে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী জানান, ‘গত ২৪ আগস্ট আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার জন্য প্যারাগন কমিউনিটি সেন্টার ভাড়া নেই। বিষয়টি ২৬ আগস্ট লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা প্রশাসককে জানানো হয়। কিন্তু একটি পক্ষ আমাদের অনুষ্ঠান বানচালের জন্য পৃথক কর্মসূচি দিয়েছে।’অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সেলিম চৌধুরী বলেন, ‘লোহাগাড়ায় স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের দলীয় কর্মসূচি অতীতে যেভাবে পালন করেছি, এবারও আমরা সেভাবে উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করায় আমরা সব কর্মসূচি স্থগিত করেছি।’ইউএনও সারা দিবা বলেন, বিএনপি ও যুবদল একই স্থানে সমাবেশের আয়োজন করায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্র জানায়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদুয়া ইউনিয়ন থেকে আদুনগর ইউনিয়ন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।প্রসঙ্গত, ১৪ জুলাই উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে একপক্ষ হামলা চালিয়েছিল।