নোয়াখালীতে পৌর নির্বাচন চলাকালে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের করা মামলায় শহর বিএনপির সহসভাপতি মাঈনউদ্দিন ফরহাদসহ বিএনপি ও যুবদলের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নোয়াখালীর সুধারাম থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন নোয়াখালী শহর যুবদলের সহসভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, কর্মী সারোয়ার উদ্দিন ও শহর বিএনপির সদস্য কামাল উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে একই মামলায় গ্রেপ্তার করা হয় মেহরাজ হোসেন ও আজিম নামের যুবদলের আরও দুই কর্মীকে। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন গতকাল রোববার জানান, শনিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পৌর নির্বাচন চলাকালে সহিংস ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।