বিএনপি ও যুবলীগের কর্মসূচি, ১৪৪ ধারা
কুমিল্লার চান্দিনা পৌর এলাকার পাঁচটি স্থানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। একই স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগ কর্মসূচি ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বলবৎ থাকবে।জানা গেছে, চান্দিনা পৌরসভার মেয়র এবং ১২ কাউন্সিলরের সংবর্ধনা অনুষ্ঠান ছিল গতকাল বেলা দুইটায়। উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে চান্দিনা পৌরসভার মাঠ এবং মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেনের প্রধান অতিথি থাকার কথা ছিল। কিন্তু গত বুধবার বিকেলে একই সময়ে একই স্থানে চান্দিনা পৌর যুবলীগ সম্মেলনের ডাক দেয়।এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন চান্দিনা পৌরসভার মাঠ, জেলা পরিষদ মিলনায়তন, চান্দিনা পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ও এর সংলগ্নমাঠ এবং চান্দিনা বাজারের প্রধান সড়কে ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি গতকাল বিকেলে কুমিল্লা শহরের বাদুরতলা এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্ররোচণায় প্রশাসন আমাদের অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করে। সবার আগে অনুমতি নিয়েও আমরা অনুষ্ঠান করতে পারিনি।’পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেন বলেন, ‘আমরা পৌরসভা এলাকায় অবস্থিত মিলনায়তন বরাদ্দ নিয়েছি। আগেই আমরা প্রশাসন থেকে অনুমতি নিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামসুল আলম বলেন, ‘সংঘর্ষের আশঙ্কায় আমরা ১৪৪ ধারা জারি করেছি।’