বিএনপি ও শিবিরের ডাকে হরতাল চলছে বাগেরহাটে
বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের ডাকে আজ রোববার বেশ ঢিলেঢালাভাবে হরতাল চলছে বাগেরহাটে। সহিংসতা এড়াতে হরতালের সমর্থনে রাজপথে কোনো বিক্ষোভ মিছিল বা পিকেটিং করছে না বলে দাবি করেছে জেলা বিএনপি।
গতকাল শনিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায় হরতাল কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। পাশাপাশি গতকাল সকালে সদর উপজেলায় শিবিরের কর্মী মানজারুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে পুরো জেলায় হরতালের কর্মসূচি দেয় ছাত্রশিবির।
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বলেন, ‘হরতালে সহিংসতা এড়াতে আমরা রাজপথে কোনো বিক্ষোভ মিছিল বা পিকেটিং করছি না। সবাই স্বতঃস্ফূর্ত হরতাল পালন করছেন বলে দাবি তাঁর।’
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন বলেন, ছাত্রশিবিরের কর্মী মানজারুল ইসলাম হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। সেই অনুয়ায়ী কর্মসূচি চলছে।
এদিকে ময়নাতদন্ত শেষে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে মানজারুল ইসলামকে তাঁর বাড়িতে দাফন করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বলেন, মানজারুল হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি।