চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী এনামুল হককে পুড়িয়ে হত্যা এবং গোলাম রাব্বানীর বাড়িতে আগুন ও গুলিতে এক তরুণ হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞাসহ চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজা এ আদেশ দেন।
ওই নেতাদের কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির কর্মী-সমর্থকেরা। সমাবেশ থেকে আজ বৃহস্পতিবার জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আওয়ামী লীগের বর্তমান সাংসদ গোলাম রাব্বানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পর সংঘর্ষে রুবেল নামের একজন গুলিতে নিহত এবং ৩০ ডিসেম্বর শিবগঞ্জ বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এনামুল হককে পুড়িয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়।
এসব মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন শাহজাহান মিঞা, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আলী আহমেদ ও পৌর যুবদলের সভাপতি মুক্তাদির আহমেদ।
শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠনোর নির্দেশ দেন। এর মধ্যে এনামুল হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সাবেক সাংসদ শাহজাহান মিঞা।