বিএনপি করেছিল অফিস আ.লীগ করছে মার্কেট
স্কুলের জায়গা দখল করে বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির নেতারা দলীয় কার্যালয় গড়েছিলেন। সে সময় আওয়ামী লীগের এক নেতা এর নিন্দা জানিয়েছিলেন। এবার সেই নেতাই জায়গাটি দখল করেছেন। সেখানে নির্মাণ করছেন একটি মার্কেট। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় এলাকার। অভিযোগ সূত্রে জানা যায়, কাজীরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল কাশেম। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাঁরা চেষ্টা করেও নির্মাণকাজ বন্ধ করতে ব্যর্থ হয়ে শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে চারদলীয় জোট সরকারের আমলে জায়গাটি দখল করে সেখানে বিএনপির কার্যালয় বানানো হয়েছিল। ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। সে সময় কাজীরবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম দখলের তীব্র নিন্দা জানান, যা ওই সংবাদেও উল্লেখ ছিল। সেই আবুল কাশেমই এবার জায়গাটি দখল করে মার্কেট নির্মাণ করছেন। বিদ্যালয়টি জিন্নানগর বাজারে অবস্থিত। শিক্ষকেরা জানান, বিভিন্ন দাগের ৯৬ শতাংশ জমির ওপর তাঁদের স্কুলটি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে চার শতাধিক ছেলেমেয়ে পড়াশোনা করে। শিক্ষক শরিফুল ইসলাম জানান, স্কুলের পূর্ব পাশে রয়েছে মহেশপুর-জিন্নানগর রাস্তা। রাস্তার পাশ ঘেঁষে ২২ নম্বর দুর্গাপুর মৌজার ১৮৭ দাগের ২৮ শতাংশ স্কুলের জমি আছে। স্কুলের ভবন নির্মাণের সময় বাজারের সৌন্দর্য বৃদ্ধির কথা চিন্তা করে রাস্তা ছেড়ে একটু দূরে ভবন নির্মাণ করা হয়। রাস্তা আর স্কুল ভবনের মাঝে বেশ কিছু জায়গা খালি থেকে যায়। সে স্থানটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কাজীরবেড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম জানান, চারদলীয় জোট সরকারের আমলে জায়গাটি দখল করে বিএনপি কার্যালয় বানানো হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে পরে সেটি ভেঙে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে আবার বাঁশের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে দেওয়া হয়। শরিফুল ইসলাম আরও জানান, গত ২৫ জুন, শুক্রবার বন্ধের দিন বাজারের ব্যবসায়ী আবুল কাশেম স্কুলের বেড়া খুলে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। ইতিমধ্যে ভিত গাঁথা শেষ করে ফেলেছেন। শনিবার বিষয়টি নিয়ে তাঁরা স্কুলে সভা করেন। স্কুলের একাধিক শিক্ষক জানান, ইতিপূর্বে বিএনপি ওই স্থানে দলীয় কার্যালয় বানিয়ে সারাক্ষণ গান-বাজনা করায় শিক্ষার্থীদের পড়ালেখার অসুবিধা হতো। এখন মার্কেট হলে সেখানেও গানবাজনা-হট্টগোল লেগে থাকবে। অভিযুক্ত আবুল কাশেম জানান, তিনি জানতেন জায়গাটি স্কুলের। আসলে জায়গাটি সরকারের, খাস। তাই তিনি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ঘর করছেন। বন্দোবস্তের কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে রাজি হননি। অবশ্য কাজীরবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রশান্ত কুমার বসু জানান, ওখানকার কোনো জায়গা বন্দোবস্ত দেওয়া হয়নি।