বিএনপি কর্মী ও কলেজছাত্র খুন
ঝিনাইদহ সদর উপজেলায় আবদুল আজিজ (৪০) নামের এক বিএনপি কর্মীকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ দাবি করেছে, তিনি চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) সদস্য ছিলেন।
বাগেরহাটে নিখোঁজের তিন দিন পর গত রোববার রাতে আল আমিন শেখ ওরফে বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, আল আমিনের সহপাঠী গাজী হুমায়ুন কবির তাকে হত্যা করেছে বলে তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
ঝিনাইদহে সদর উপজেলায় নিহত আবদুল আজিজের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার ভুইয়াপাড়া গ্রামে। ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরুল হোসেন জানান, আজিজকে রোববার রাত দেড়টার দিকে একদল অস্ত্রধারী নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গতকাল সদর উপজেলার সাধুহাটি গ্রামের নবগঙ্গা নদীর ধারে শ্মশানঘাটের পাশের একটি ভুট্টা খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটে নিহত আল আমিন সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে এবং স্থানীয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির (১৮) ওই গ্রামের ফজর গাজীর ছেলে।
এই ঘটনায় গতকাল সোমবার নিহতের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে মামলা করেছেন।