টাকার বিনিময়ে বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিএনপির এক কর্মীকে’ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা গতকাল বুধবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে গোঁসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল হক, যুগ্ম সম্পাদক আশরাফুল কবির ও সদস্য জিয়া শাহীন এসব অভিযোগ করেন। তাঁরা বলেন, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপি বা অন্য দল থেকে আসা ব্যক্তিদের তৃণমূলের প্রার্থী বাছাইকালে নৌকা মার্কার প্রার্থী ঘোষণা দেওয়া হচ্ছে। এই ‘মনোনয়ন বাণিজ্য’ বন্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এই তিন নেতার অভিযোগ, গোঁসাইবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে শামছুল বারি নামের বিএনপির এক কর্মীকে। তাঁর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। এলাকায় তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
অর্থ দেওয়ার অভিযোগ অস্বীকার করে শামছুল বারি বলেন, তিনি ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন। তবে দলীয় কোনো পদে নেই। দলীয় প্রায় সব কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। কোনো দিন বিএনপির কর্মী ছিলেন না।
মাসুদুল হক নামের একজন বলেন, তিনি তৃণমূলের প্রার্থী বাছাইয়ে অংশগ্রহণের জন্য আবেদন ফরম চেয়েও পাননি। অথচ অন্য দল থেকে আসা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় তৃণমূলের ভোটে উপজেলার চিকাশি ইউপিতে চেয়ারম্যান পদে ইউনিয়ন কমিটির সভাপতি আলেব বাদশাকে দলীয় সমর্থন দেওয়া হয়। মথুরাপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদকে বাছাই করা হয়। কিন্তু ৮ মার্চ প্রার্থী পরিবর্তন করে চিকাশিতে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল কাদির ও মধুরাপুরের সভাপতি জেমস মল্লিকের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। এ সবকিছুই করা হয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা এই লেনদেনের সঙ্গে জড়িত।
প্রার্থী মনোনয়নে অর্থ লেনদেনের অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় তৃণমূলের ভোটাভুটির মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করা হচ্ছে। কোনো অনিয়মের সুযোগ নেই। গোঁসাইবাড়ী ইউপির ওই প্রার্থী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
গোঁসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান বলেন, ‘গত ২৫ বছরে দলের কোনো কর্মসূচিতে আমি শামছুল বারিকে অংশ নিতে দেখিনি।’
এ ইউপিতে নির্বাচনের তফসিল গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি।