বিএনপি কর্মীর হাত পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের রশিদ কলোনি এলাকায় বিএনপির কর্মী জসিম উদ্দিন ওরফে বাবুর (২১) হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জসিম উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় শহরের ছাগলমারা পোলের ওপর থেকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। জসিম শহরের রশিদ কলোনি এলাকার মো. সুলতান আহম্মদের ছেলে। পরিবারের পক্ষ থেকে ঘটনার জন্য ছাত্রলীগের স্থানীয় কর্মীদের দায়ী করা হয়েছে।

জসিম উদ্দিনের বড় ভাই সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে একই এলাকার ছাত্রলীগ-সমর্থক কয়েক যুবক তাঁর ভাইকে কলোনি এলাকা থেকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এর পর থেকে জসিমের মুঠোফোন বন্ধ ছিল।

সাহাব উদ্দিন জানান, রাত সোয়া একটার দিকে জসিমের মুঠোফোন থেকে বাড়িতে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান, জসিমকে আহতাবস্থায় শহরের ছাগলমারা পোলের ওপর ফেলে রাখা হয়েছে। এরপর তিনি লোকজন নিয়ে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় জসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাহাব উদ্দিন অভিযোগ করেন, তাঁর ভাই হরতালে পিকেটিংসহ এলাকায় দলীয় কর্মকাণ্ডে সোচ্চার থাকার কারণেই প্রতিপক্ষ ছাত্রলীগের কর্মীরা হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ ওরফে ইমন দাবি করেন, ‘ছাত্রলীগের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম (সদর) থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, কারা ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারেনি।