দিনাজপুরে দলের সমর্থিত প্রার্থীর পরাজয়ে ক্ষোভ
বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের তালা, এক নেতার বহিষ্কার দাবি
দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে দলের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পরাজয়কে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের কর্মীরা দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন। পাশাপাশি তাঁরা ওই পরাজয়ের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীকে দায়ী করে গতকাল সোমবার দলের চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন। জেলা বিএনপির সভাপতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, ১৫ মার্চ দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মুকুর চৌধুরী প্রার্থী হন। পরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনিসহ কয়েকজন নেতা আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে কাজ করেন। ফলে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মোকাররম হোসেন পরাজিত হন।
মুকুর চৌধুরীসহ কয়েকজন নেতার এ ধরনের ভূমিকার কারণে দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে ১৫ মার্চ রাতেই ক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা দেন বলে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তফা কামাল জানান। তিনি বলেন, দলের সমর্থিত প্রার্থীর পরাজয়ের জন্য মুকুর চৌধুরীকে দায়ী করে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে দলের চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রাতে দিনাজপুরের নেতা-কর্মীরা ঢাকায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। চেয়ারপারসন তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। সেই সঙ্গে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি মোস্তফা কামালের।
এ ব্যাপারে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেও মুকুর চৌধুরীর মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বরাবরই বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়ে আসছেন। এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এবারই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন। এ ঘটনায় দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি যথার্থ বলে মন্তব্য করেন মাহবুব আহমেদ।
জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, গত রোববার ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দিনাজপুরের ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করেছেন। আজ মঙ্গলবার নেতা-কর্মীরা দিনাজপুরে আসবেন। এরপর তাঁরা দলীয় কার্যালয়ে লাগানো তালা খুলে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।