বিএনপি কার্যালয়ের সামনে বোমা হামলা, ৫ নেতা-কর্মী আহত
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপির কার্যালয়ের সামনে গত শনিবার রাত পৌনে নয়টায় সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় মহেশপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফসহ পাঁচজন আহত হয়েছেন।আহত অন্যরা হলেন বিএনপির নেতা আব্বাস আলী, শরিফুল ইসলাম, লিটন ও সাজু। তাঁদের হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশপুর সামন্তা বাজারে স্থানীয় বিএনপি সমাবেশ করে। রাত পৌনে নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ভৈরবা বাজারে বিএনপির কার্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা চারটি বোমা ছুড়ে মারে ও গুলিবর্ষণ করে। এ সময় বিএনপিদলীয় নেতা-কর্মীরা আহত হন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বোমা হামলার কারণ জানা যায়নি।