বিএনপি কেন আওয়ামী ফাঁদে পা দেবে?

মিজানুর রহমান খানের লেখা পড়লাম প্রথম আলো ডটকমে । তিনি লিখেছেন, আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি সেই ফাঁদেই পা দিক। নির্বাচন বর্জন করুক। তার আগে প্রতিবাদ-প্রতিরোধ যা করুক শান্তিপূর্ণভাবে। ২৫ অক্টোবর যদি সমাবেশ করার অনুমতি পাওয়া না যায়, তবে তা না করে শান্তি ও ধৈর্যের পরিচয় দিক। শুধু নির্বাচনটা বর্জন করুক। তাহলে আওয়ামী লীগের পাতা ফাঁদে আওয়ামী লীগ নিজেই পড়বে।
একই লেখায় মিজানুর রহমান খান সাদেক হোসেন খোকার দা-কুড়াল-বল্লম নিয়ে ঢাকার সমাবেশে আসার আহ্বানকে তুলনা করেছেন বঙ্গবন্ধুর সাতই মার্চের আহ্বানের সঙ্গে। প্রথমে আমি এই তুলনার বিরোধিতা করি। এইখানে তুলনা আসে না, আসে প্রতিতুলনা। মানে একজন নেতা কতটা পরিপক্ব, পরিণত; তুলনায় আরেকজন নেতার আহ্বান কত খোকাসুলভ, সেইটাই বরং আমার মনে হয়েছে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে আছে স্বাধীনতার ঘোষণা, গেরিলাযুদ্ধের নির্দেশ, কিন্তু কখনোই তিনি এমন কিছু বলেননি, যাতে আইন ভঙ্গ হয়, যাতে পাকিস্তানিরা শেখ মুজিব বা বাঙালিকে দোষ দেয়। তিনি বলেছেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। ... আমরা ভাতে মারব, পানিতে মারব।’ এক জায়গায় বলেছেন, ‘বাঙালিরা বুঝেশুনে কাজ করবেন।’ এমনকি শেষ বাক্য দুটোও খুবই ডিপ্লোম্যাটিকালি বলা, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কতখানি প্রাজ্ঞতা, কতখানি বিচক্ষণতার পরিচয় আছে তাঁর ভাষণে। এমনকি এই বাংলার বাঙালি, অবাঙালি, হিন্দু-মুসলিম সবাইকে রক্ষার দায়িত্ব আমাদের, আমাদের যেন বদনাম না হয়, তা-ও বলেছেন। অন্যদিকে খোকার আহ্বান, ‘দা-কুড়াল-বল্লম নিয়ে আসবেন’—এটা একেবারেই অগণতান্ত্রিক। এটা তাঁকে অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে।
মিজানুর রহমান খান বাংলাদেশের রাজনীতিতে চীনা মধ্যস্থতার উদ্যোগ ও নড়াচড়ার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর দ্বারা যদি একটা সমঝোতা বিবদমান রাজনৈতিক শক্তির মধ্যে আসে, তাকে আমাদের স্বাগত জানাতেই হবে। নিজেদের ঝগড়া যখন রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কার সৃষ্টি করছে, তখন যেখানেই রুপালি রেখা দেখা দেবে, তাতেই আমাদের আশা খুঁজতে হবে।
এবার আসা যাক, আওয়ামী লীগের পাতা ফাঁদের কথায়। আওয়ামী লীগ চায় বিএনপি যেন নির্বাচনে না আসে। কারণ, সবগুলো জনমত জরিপ বলছে, বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগ শোচনীয়ভাবে পরাজিত হতে পারে।
এখন বিএনপি কেন আওয়ামী লীগের এই পাতা ফাঁদে পা দেবে? এর আগে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ বলেছিলেন, বিএনপি নেতারা অভিযোগ করে, আওয়ামী লীগ চায় না বিএনপি সংসদে আসুক। তো আওয়ামী লীগের চাওয়া কেন বিএনপি পূরণ করার দায়িত্ব নিয়েছে। তারা সংসদে এলেই তো পারে! একই কথা আমি বলব বিএনপিকে, মিজানুর রহমান খানের উল্টো কথা, আওয়ামী লীগের পাতা ফাঁদে আপনারা পা দেবেন কেন? আওয়ামী লীগের চাওয়া পূরণ করার দায়িত্ব কেন আপনারা নেবেন? আপনারা বরং নির্বাচনে অংশ নিন। আপনারা জয়লাভ করবেন বলেই আমার ধারণা।
আমি বলি, সংসদ সদস্যদের নিয়েই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। ধরা যাক, এর সদস্য হবে মোট ১৩ জন। ৫ জন আওয়ামী লীগের, ৫ জন বিএনপির। ২ জন নিরপেক্ষ টেকনোক্র্যাট। একজন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে কে থাকবেন, এটা নিয়ে আলোচনা হতে পারে। বিএনপি চাইবে অন্য কেউ, আওয়ামী লীগ চাইবে শেখ হাসিনা। আমি মনে করি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও এমন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়লাভ করবে। আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হলো বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। আওয়ামী লীগের পাতা এই ফাঁদে বিএনপি কেন যাবে, মিজান ভাই?