বিএনপি ক্ষমতায় এলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেশকে আলো ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে শুরু করেছি। কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। কাজেই আমরা আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য আপনাদের ভোট চাই।’
আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছয়টি জেলার দলীয় তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে আমরা আবারও আপনাদের ভোট চাই।’ তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে রাজনীতি করে।
আগামী সাধারণ নির্বাচনে সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী আজ যশোর, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গ্রেড-১ পৌরসভা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৪ সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নেয়। এ মতবিনিময় চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কাজী জাফর উল্যাহ ও সতীশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মাহবুব উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সভা পরিচালনা করেন।