বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গি রাষ্ট্র হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও তাঁর মন্ত্রীসহ বিএনপির প্রভাবশালী নেতাদের দায়ী করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা তদন্তে বেরিয়ে আসছে।গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা দাবি করেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তিনি ‘বিএনপি, জামায়াত ও হেফাজত চক্র’ থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সতর্ক থাকতে হবে এ ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ যাতে আর ক্ষমতায় ফিরে আসতে না পারে। তাদের অত্যাচার, নির্যাতন, গ্রেনেড হামলাসহ এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।গতকাল বেলা ১১টা দুই মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। ক্ষমতার গত সাড়ে চার বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথম কোনো কর্মসূচিতে ১৪ দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করলেন।এ সময় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা, নুরুর রহমান সেলিম, আবদুস সামাদ, ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরুন রায় প্রমুখ।শেখ হাসিনা বলেন, যুদ্ধের ময়দানে যে গ্রেনেড ব্যবহার করা হয়, সে রকম ১৩টি গ্রেনেড প্রকাশ্য দিবালোকে ছোড়া হয় একটি জনসমাবেশে। সব আলামত নষ্ট করে এবং প্রহসনের তদন্তের নামে বিএনপি-জামায়াত জোট সরকার এই হামলার বিচারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কে ‘সন্ত্রাসের সময়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা ঠান্ডা মাথায় মানুষ হত্যা করতে পারে। এ ধরনের বিভৎস মৃত্যু কারও কাম্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশে আর চাই না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মনে পড়ে হানিফ ভাইয়ের কথা। আমাকে রক্ষা করতে গিয়ে তিনিসহ যাঁরা মানববর্ম রচনা করেছিলেন। সেদিন তাঁদের সবাই আহত হয়েছিলেন। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম। অনেক পরিচিত মুখকে আর দেখি না। ২১ আগস্টের গ্রেনেড হামলায় তাঁরা হারিয়ে গেছেন। আইভি চাচির কথা মনে পড়ে। তাঁর মতো এত সুন্দর মানুষের এমন বিভৎস মৃত্যুর কথা কল্পনাও করা যায় না।’
হতাহতদের অনুদান: ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত হয়েছেন এমন ৫০ জনের পরিবারকে অনুদানের চেক দিয়েছেন প্রধানমন্ত্রী। চেক গ্রহণের সময় নিহত কুদ্দুস পাটোয়ারির মা আমেনা বেগম প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার খুব বেশি চাওয়া নয়, ঘাতকদের ফাঁসি চাই। আমি যেন পুত্র হত্যার বিচার দেখে যেতে পারি।’
বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের পর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ২১ আগস্ট নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও গ্রেনেড হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, সাম্যবাদী দল, গণতন্ত্রী মজদুর পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, হকার্স লীগ, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বঙ্গবন্ধু আইন পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, তিতাস গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, ওয়াসা শ্রমিক ইউনিয়ন প্রভৃতি।