বিএনপি ক্ষমতায় এলে নতুন ভবন করে দুর্নীতি করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় এলে হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন তৈরি করবে। বিরোধীদলীয় নেত্রী ছেলেদের দিয়ে দুর্নীতি করাবেন। আবারও ১০ ট্রাক অস্ত্র ও ৫০০ স্থানে বোমা হামলার মতো ঘটনা ঘটাবেন। এভাবেই তিনি ভিন্ন ধারার রাজনীতি করবেন।গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ভিন্ন ধারার রাজনীতি নিয়ে আসার ঘোষণার সমালোচনা করে বলেন, ক্ষমতায় এলে তিনি ভিন্ন ধরনের বোমার আওয়াজ শোনাবেন। আবারও তিনি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আসবেন। হাত-পা কাটার রাজনীতি শুরু করবেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে কালোটাকা সাদা করেছেন। এতিমের টাকা খেয়েছেন। আদালতে মামলা হলেও হাজিরা দিতে যান না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের লক্ষ্য মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন একজন দিনমজুর এক দিনের রোজগারে ১০-১২ কেজি চাল কিনতে পারে।’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বলেছেন, তিনি ক্ষমতায় এলে সবকিছুর পরিবর্তন ঘটাবেন। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি তিনি তা কমাবেন, তিনি শিক্ষার হার কমাবেন, খাদ্য উৎপাদন কমাবেন, দেশকে আবার জঙ্গি রাষ্ট্রে পরিণত করে সবকিছু বদলে দেবেন।’শেখ হাসিনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী যুক্তরাষ্ট্রের পত্রিকায় কলাম লিখে জিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) বন্ধ করার কথা বলেন। যাতে মানুষের আয়রোজগার বন্ধ হয়ে যায়। এই দুর্নীতিবাজ ও জঙ্গিবাদী অপশক্তি আবার ক্ষমতায় এলে দেশ ধ্বংসের প্রান্তে চলে যাবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এটা শেষ হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না। বিরোধীদলীয় নেত্রী যতই চেষ্টা করুক তাদের বাঁচাতে পারবেন না।প্রধানমন্ত্রী মসজিদের ইমাম ও অভিভাবকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার আহ্বান জানান। তিনি মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভা মঞ্চে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমান উপস্থিত থাকলেও বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি। তবে তাঁর ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বক্তৃতা দেন। এ সময় মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জনসভায় ব্যাপক লোকসমাগম হয়। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

জনসভায় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সরকারদলীয় স্থানীয় সাংসদ নজরুল ইসলামকে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ নজরুল ইসলাম, গাজী গোলাম দস্তগীর, আবদুল্লাহ আল কায়সার ও সুবিদ আলী ভূঁইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, এনামুল হক শামীম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন: জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, একটি মিলনায়তন ও কমিউনিটি সেন্টার, নারায়ণগঞ্জ সার্কিট হাউস এবং সোনারগাঁয়ে জ্যোতিবসু স্মৃতি পাঠাগার ও সেমিনার হল উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান কার্যালয়, সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বন্দর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণকাজসহ নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকার আটটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।