বিএনপি ক্ষমতায় এলে কী অবস্থা হতো ভাবলেই ভয় হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি এবং দুর্নীতির দল। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে বাংলাদেশের যে কী অবস্থা হতো তা ভাবলেই ভয় হয়।
গত শনিবার নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যায় ম্যারিয়ট মার্কি হোটেলে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
গত ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এখন বুঝতে পেরেছে গত সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করে তারা গুরুতর ভুল করেছে। তিনি আরও বলেন, ‘আমি জানি না তাদের মনে কী ছিল। তবে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তবে বিএনপির নেতারা নির্বাচন বর্জনের যৌক্তিকতা প্রমাণের জন্য এখন অনেক কিছুই বলছেন। তাঁরা এখন এসব বলবেনই, কারণ কোনো রাজনৈতিক নেতৃত্ব ভুল সিদ্ধান্ত নিলে এ জন্য তাঁদের খেসারত দিতেই হবে।’
যুদ্ধাপরাধীদের বিচারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বিচার শুরু হয়েছে এবং কয়েকজনের বিচারের রায় কার্যকর হয়েছে। কিন্তু স্বার্থান্বেষী মহলগুলো বিভিন্ন উপায়ে এই বিচার বানচাল করতে চাইছে। তবে দু-একটি হরতাল দিয়ে এই বিচার বন্ধ করা যাবে না। দেশের মানুষ এতে সাড়া দেবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উন্নয়ন পরিকল্পনার কথা প্রবাসীদের কাছে তুলে ধরে বলেন শিক্ষা, যোগাযোগ এবং প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বমন্দা মোকাবিলা করেও বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় নিউইয়র্কে আততায়ীর হাতে নিহত প্রবাসী নাজমুল ইসলাম ও বেলাল আহমেদকে স্মরণ করেন। সভ্য এবং আইনের দেশ যুক্তরাষ্ট্রে এ দুই প্রবাসীর হত্যাকারীকে অবিলম্বে খুঁজে বের করা এবং বিচার নিশ্চিত করার জন্য তিনি দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।