বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সীমান্তে বিএসএফ গুলি চালানো বন্ধ না করলে তাঁর দল ক্ষমতায় এলে পাল্টা গুলি চালানোর নির্দেশ দেবে। এই সরকারের মতো নিশ্চুপ বসে থাকবে না।রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শনিবার বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মুনির হুসাইনের প্রশ্নের জবাবে হান্নান শাহ এ কথা বলেন। হান্নান শাহের উত্তরের পরিপ্রেক্ষিতে সংলাপের আরেক অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর কাছে জানতে চান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তখন গুলি ও হত্যা বন্ধে বিএনপি সরকার কী কূটনৈতিক তৎপরতা চালিয়েছে? কয়টা গুলি করেছে?সংলাপে বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রধান মনিরুজ্জামান ও চলচ্চিত্রনির্মাতা সারা আফরিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকবর হোসেন। মুনিরের প্রশ্ন ছিল, সীমান্তে বিএসএফের নির্বিচারে গুলি চালানো কি বন্ধুরাষ্ট্রের পরিচয় বহন করে? জবাবে হান্নান শাহ বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গুলি ও হত্যা বন্ধে প্রথমে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাবে। এতে কাজ না হলে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করবে। অর্থাৎ পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। তিনি বলেন, বিএসএফ গুলি বন্ধ না করলে পাল্টা গুলি ছোড়া হবে। এখন সরকার নিশ্চুপ বসে আছে। বিএনপি বসে থাকবে না। তাঁর দল তোয়াজ করার রাজনীতি করে না।একই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ইনু বলেন, সীমান্তে যে ঘটনা ঘটছে, তা নিন্দনীয়। এর পক্ষ নিয়ে যদি কোনো ব্যক্তি বা মন্ত্রী কোনো বক্তব্য দেন, তাহলে সেটা তাদের ব্যক্তিগত, সরকারের নয়।অপর দুই অতিথি বলেন, এই হত্যা বন্ধে সরকারগুলো পদক্ষেপ নিচ্ছে না। কখনো কখনো দেখা যায়, মন্ত্রীরা এর পক্ষ নিচ্ছেন।সৈয়দা মরিয়ম বেগম প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রী নারী, তার পরও কেন নারীরা নির্যাতিত হচ্ছে? জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষের বা নারীদের সামাজিক নিরাপত্তা কমেছে, এটা ঠিক নয়। ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে। অনেক ঘটনার বিচার হয়েছে। হান্নান শাহ বলেন, নারী ইস্যুতে তাঁর দল আন্দোলন করছে না। দেখা যাচ্ছে, দলগুলো যেখানে তাদের সুবিধা হয় তা-ই নিয়ে আন্দোলন করে। এই ইস্যুতে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের কাউন্সিল গণতান্ত্রিক চর্চার নমুনা কি না, মো. শামসুর রহমানের এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে আগে যেভাবে গণতন্ত্রের চর্চা হতো, এখন সেভাবে হয় না।’ হান্নান শাহ বলেন, দলের সব পদে নির্বাচন করা সম্ভব নয়। এ জন্য নির্বাচিত সভাপতির ওপর বাকি সদস্যদের মনোনয়ন করার দায়িত্ব দেওয়া হয়।