বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ বাতিল করবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ বাতিল করবে। এই ব্যাংকের মালিক গরিব নারীদের ক্ষমতা তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, অধ্যাদেশটি জারির ফলে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকও সরকার নিয়ন্ত্রণ করবে। তিনি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে জারি করা গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। গত ২ আগস্ট মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পর সরকার গত বৃহস্পতিবার সংশোধিত গ্রামীণ ব্যাংক আইন অধ্যাদেশ আকারে জারি করে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর থেকেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করে আসছেন, সরকার মনোনীত চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ এর সদস্যদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে।