বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চিকিৎসকদের পদোন্নতি-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ড্যাব এ দাবি করে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) মাধ্যমে নিয়মনীতি না মেনে সরকার-সমর্থক চিকিৎসকদের পদোন্নতি দিয়েছে। মন্ত্রণালয়ের তৈরি তালিকার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষরিত তালিকাটির গরমিল রয়েছে। ১৫৬টি নাম মন্ত্রীর স্বাক্ষর করা তালিকায় যুক্ত করা হয়।জাহিদ হোসেন নানা অনিয়মের অভিযোগ তুলে বলেন, স্বাস্থ্য খাত বিপর্যয়ের মুখে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে ‘দলবাজি’ বন্ধ করবে। বর্তমান সরকারের দেওয়া নিয়োগ তাঁরা বাতিল করবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, চারদলীয় জোট সরকারের আমলে এত দলীয়করণ হয়নি। তারা কাউকে চাকরিচ্যুতও করেনি। কিন্তু বর্তমান সরকার বিরোধীদলীয় চিকিৎসকদের চাকরিচ্যুত করা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছে।