বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের অর্থনীতি চাঙা থাকে। প্রসার ঘটে শিল্প-বাণিজ্যের, অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে, রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আসে। শিক্ষা ও স্বাস্থ্য খাত শৃঙ্খলা ফিরে পায়। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ সংযোগ সড়কের মীম কমিউনিটি সেন্টারে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
আমীর খসরু আরও বলেন, দেশের মানুষ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন পার করছে। দেশে মৌলিক অধিকারগুলো ভূলুণ্ঠিত। হত্যা-গুম এখন নিত্যদিনের ঘটনা। এ অবস্থার পরিবর্তন চায় জাতি। তাই খালেদা জিয়া যখনই সরকার পতনের ডাক দেবেন, তখনই সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃিদ্ধশালী করতে বিএনপি সরকারের বিকল্প নেই। বর্তমান অবৈধ ক্ষমতা দখলকারী সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়, ততই দেশের মঙ্গল হবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। কারণ, বর্তমান সরকারের ওপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নেই। রেমিট্যান্স-প্রবাহ কমে এসেছে। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে আবার পরিণত হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষের কল্যাণের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত এবং সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা দিয়ে যেতে পারলেই সংস্থাটির সার্থকতা ফুটে উঠবে।