বিএনপি খণ্ড খণ্ড হয়ে ব্র্যাকেট বন্দী হবে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, নির্বাচনের ট্রেন ফেল করে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। ভবিষ্যতে বিএনপি খণ্ড খণ্ড হয়ে ব্র্যাকেট বন্দী দলে পরিণত হবে। আজ মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ১৯৭০ সালের নির্বাচনে অনেক বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে বহুধা বিভক্ত হয়ে ব্র্যাকেট বন্দী দলে পরিণত হয়েছে। বিএনপির অবস্থাও সে রকম হবে বলে তিনি মন্তব্য করেছেন।

হাছান মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘসেটি বেগম যেমন আজ একটি ঘৃণ্য নাম, সে রকম পরিণতি আপনার জন্যও অপেক্ষা করছে। মন্ত্রী আরও বলেন, সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার জন্য আগামী ৫ জানুয়ারি নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নেই। বিএনপি এই নির্বাচনের ট্রেন মিস করেছে। কাজেই দশম সংসদ নয় তাদের সঙ্গে আলোচনা হতে পারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান পার্লামেন্ট যে নিন্দা প্রস্তাব পাস করেছে তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতারা। তাঁরা বলেন, পাকিস্তানকে অবিলম্বে তাদের এ কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে।


মন্ত্রী বলেন, কাদের মোল্লার রায় নিয়ে পাকিস্তান পার্লামেন্ট নিন্দা করায় থলের বিড়াল বেরিয়ে গেছে। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া পাকিস্তান গোয়েন্দা সংস্থা থেকে যে পাঁচ কোটি রুপি নিয়েছিলেন, তা নিয়ে জনমনে কিছুটা সন্দেহ থাকলেও এখন আর সেই সন্দেহ নেই।

হাছান মাহমুদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘তিনি পাকিস্তানের টাকায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার এজেন্সি নিয়েছেন। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তিনি আন্দোলন করছেন সেটি আমরা বাতিল করিনি। করেছে দেশের সর্বোচ্চ আদালত। তিনি প্রথমে আদালতের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। আর এখন আন্দোলনের নামে মানুষ খুন করার রাজনীতিতে নেমে দেশের আপামর জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশের মানুষের স্বার্থ তাঁর কাছে মুখ্য নয়। খালেদা জিয়ার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের স্বার্থ। পাকিস্তানের টাকা পেটে ঢুকিয়ে পাকিস্তানের প্রেতাত্মা জামায়াতকে উনি ঘাড় থেকে নামাতে পারছেন না।