বিএনপি খুশি, জামায়াতে দ্বিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদের ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়া নিয়ে তাঁর নির্বাচনী এলাকা বেড়া-সাঁথিয়ায় চলছে ব্যাপক আলোচনা। গত বুধবার তিনি গণফোরামের প্রার্থী হয়ে পাবনা-১ আসনে (সাঁথিয়া ও বেড়ার একাংশ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে একই সঙ্গে বিএনপি মনোনীত একজন ও জামায়াতের দুজন নেতাও মনোনয়নপত্র জমা দেওয়ায় আসনটি নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

গত বুধবারই সাইয়িদের পক্ষে বেড়া ও সাঁথিয়ায় মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে তিনি এখনো ঢাকায় আছেন। এদিকে তাঁর ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়াটির বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় বিএনপির পক্ষ থেকে তাঁকে বরণ করারও প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিন্তু জামায়াতের স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিএনপি ও সাইয়িদের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে সাইয়িদই যে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। ইতিমধ্যেই বেড়া ও সাঁথিয়ার বিএনপির নেতারা ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। তবে জামায়াতের পক্ষ থেকে এখনো চেষ্টা করা হচ্ছে এই আসনটি বাগানোর।

পাবনা-১ আসনটি জামায়াত–অধ্যুষিত এবং এটি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর আসন বলে পরিচিত। এই আসন থেকে নিজামী ১৯৯১ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। বিএনপির সঙ্গে জামায়াতের জোট বজায় থাকলে আসনটি জামায়াতের জন্য ‘বাধা’ বলে জামায়াত-বিএনপির কর্মী–সমর্থকেরা মনে করেন। এবারও জামায়াতের পক্ষ থেকে উপজেলা জামায়াতের আমির আবদুল বাসেত খানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তা ছাড়া এ আসনে নিজামীর ছেলে নাজিবুর রহমানকেও প্রার্থী করা নিয়ে আলোচনা ছিল। জামায়াতের পক্ষ থেকে এখনো চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের প্রার্থীকেই এই আসনে জোট বা ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সাইয়িদকে ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়। এই অবস্থায় গত বুধবার নাজিবুর রহমান ও আবদুল বাসেতদুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে গত রোববার (২৫ নভেম্বর) পর্যন্তও আবু সাইয়িদ ছিলেন পাবনা-১ আসনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়নপ্রত্যাশী। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে দলীয় মনোনয়ন দেওয়া হলে সাইয়িদ গণফোরামে যোগ দেন।

সাইয়িদ এই আসনে ১৯৭০, ১৯৭৩ ও ১৯৯৬ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি তথ্য প্রতিমন্ত্রী হন। কিন্তু ২০০৮ সালের সংসদ নির্বাচনে তাঁকে বাদ দিয়ে টুকুকে আওয়ামী লীগের প্রার্থী করা হয় এই আসনে। ২০১৪ সালের নির্বাচনে টুকুকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে সাইয়িদ আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবদুল বাসেত খান বলেন, ‘এবার সাইয়িদ সাহেবই ঐক্যফ্রন্টের প্রার্থী কি না, সেটা আমাদের কেন্দ্রীয় নেতারা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। আর দল যে সিদ্ধান্ত দেবে, আমরা তাই মেনে নেব।’

বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, ‘ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সাইয়িদ সাহেবের নির্বাচনের বিষয়টিকে আমরা স্বাগত জানাই।’

এদিকে এই আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়ে মনোনয়নপত্র দাখিল করেন কেন্দ্রীয় তথ্য ও আইনবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন খান। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত দল যে সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেব।’

তবে আবু সাইয়িদের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতার সঙ্গে কথা হলেও তাঁরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।