বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দলটি গণতন্ত্রের ভাষা বোঝে না। এরা কেবল হত্যা ও জনগণকে নির্যাতন করতে জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বড়লেখা ডিগ্রি কলেজ ময়দানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, চিফ হুইপ ও দলের কমিটির সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।

প্রধানমন্ত্রী আবারও নৌকায় ভোট চেয়ে বলেন, ‘ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য বিরোধীদলীয় নেত্রীকে হরতাল না দিতে বলেছিলাম। উনি হরতাল দিলেন। হরতাল দিয়ে কি পেলেন। পুড়িয়ে মানুষ হত্যা করলেন। ছেলেমেয়েরা পড়ালেখা করবে, তিনি তা-ও চান না। তিনি হয়তো চান, ছেলেমেয়েরা অশিক্ষিত থাকুক।’ প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের হরতাল-সমর্থকদের আগুনে গাজীপুরে ১৫ বছরের শিশু মনির হোসেন ও জয়দেবপুরে সুমি ও তার দাদির ওপর বর্বরোচিত হামলার কথা উল্লেখ করে বলেন, মনির হোসেন তার বাবার সঙ্গে যানবাহনে করে গাজীপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াতের ক্যাডাররা তাদের যানবাহনে আগুন দিয়ে মনিরকে হত্যা করে।

প্রধানমন্ত্রী বলেন, মনির যখন গাড়িতে আগুনে পুড়ছিল এবং চিৎকার করে কাঁদছিল তখন বিএনপি-জামায়াতের ক্যাডাররা পাশে দাঁড়িয়ে হাসছিল। আপনারা কি ভাবতে পারেন, তারা কী ধরনের জালেম? কোনো মুসলমান কি অন্য কোনো মুসলমানকে আগুনে পোড়াতে পারে?

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত-হেফাজত হাতে হাত মিলিয়ে জনগণকে আগুনে পুড়িয়ে মারছে।’ তিনি জনগণের কাছে জানতে চান, যারা মানুষ পুড়িয়ে মারে ও পবিত্র কোরআন শরিফে আগুন দেয়, তারা কীভাবে ইসলামের হেফাজত করে?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। ট্রাইব্যুনাল রায় দেওয়া শুরু করেছে। আমরা বিচারের রায় কার্যকর করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই জনগণ শান্তিতে থাকুক। অন্যদিকে বিএনপি যখন ক্ষমতায় আসে এই দলের সদস্যরা দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়।’ তিনি বলেন, বেগম জিয়া নিজেই জরিমানা দিয়ে তাঁর কালোটাকা সাদা করেছেন। তাঁর দুই ছেলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। খালেদা জিয়া ও তাঁর দুই ছেলে এতিম ও এতিমখানার অর্থ আত্মসাৎ করেছে। বিরোধী দলের নেতা শাস্তি হওয়ার ভয়ে আদালতে হাজির হন না।
জনসভা শুরুর আগে প্রধানমন্ত্রী সভাস্থলে নবনির্মিত মৌলভীবাজার এতিম প্রতিবন্ধীর জন্য কারিগরি প্রশিক্ষণ, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ কিছু প্রকল্পের উদ্বোধন এবং সদর উপজেলার শেরপুরে ৩৩/১১ কেভি ১০এমবিএ বিদ্যুৎ উপকেন্দ্রসহ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।