
গতকাল রোববার গণভবনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য যশোর, কুড়িগ্রাম, নওগাঁ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আলোর পথের যাত্রী। দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। বিএনপি-জামায়াত অন্ধকারের যাত্রী। তারা ক্ষমতায় এলে দেশ আবারও পিছিয়ে যাবে।’
শেখ হাসিনা তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে বলতে হবে, আমাদের আরেকবার নির্বাচিত করলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ কিছু পায়।’
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর রুদ্ধদ্বার কক্ষে মতবিনিময় সভা হয়। তৃণমূল নেতারা একটি ফরমে আগামী নির্বাচনের জন্য নিজ নিজ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বোচ্চ প্রার্থীর নাম সুপারিশ করেন। তাঁরা ফরমে ১০টি লিখিত প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় উপরিউক্ত এলাকার জেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌরসভার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধীন বক্তৃতায় শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করতেই সংবিধান সংশোধন করা হয়েছে, যাতে আর কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসতে না পারে। তিনি বলেন, এখন যারা সংবিধান সংশোধন নিয়ে কথা বলছেন, তখন তাঁদেরও মতামত নেওয়া হয়েছে। দীর্ঘ এক বছর সময় লেগেছে সংবিধান সংশোধন করতে। যাঁরা বলছেন তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হয়েছে, তাঁরা জ্ঞানপাপী ছাড়া কিছুই নন।
ক্ষমতায় গেলে ভিন্ন ধারার সরকার হবে বলে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবনের পরিবর্তে অন্য ভবন খুলে নতুন করে লুটপাট করা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হবে। আমরা যে উন্নয়ন করেছি, তা বন্ধ করে দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক, বিনা মূল্যে বই বিতরণ, ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র, পরীক্ষায় পাসের হার বাড়ানো, রিজার্ভ, মাথাপিছু আয় বাড়ানোসহ যেসব উন্নয়নকাজ করেছি, সেগুলো তারা বন্ধ করে দেবে।’
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘মসজিদে দাঁড়িয়ে যারা মিথ্যা বলে, এরা কেমন মুসলমান? কোরআন পুড়িয়ে তারা কীভাবে ইসলামের হেফাজত করবে? তারা অপপ্রচার করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আজান হবে না। কিন্তু গত চার বছরে কোনো মসজিদে আজান বন্ধ হয়নি। গত রমজানেও সব মসজিদে তারাবি হয়েছে। নিত্যপণ্যের দাম কম ছিল। মানুষ সুন্দরভাবে ধর্ম পালন করছে।’
প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার জন্য দেশবাসীর কাছে ভোট চেয়ে বলেন, ‘বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য গাড়ি ভাঙচুর করে, মানুষ হত্যা করে। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচারও শেষ করব। এ জন্য দেশাবাসীর কাছে ভোট চাই। একমাত্র আওয়ামী লীগই দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পারে।’