বিএনপি ঘরানার সংগঠনের কমিটি গঠনের হিড়িক
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি ঘরানার কমিটি গঠনের হিড়িক পড়েছে। আসন্ন নির্বাচনে ক্ষমতার পালাবদল হলে নিজেদের গুরুত্ব বাড়াতে হবে—এই আশায় এ ধরনের কমিটি গঠন করা হচ্ছে বলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মন্তব্য করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন মাসের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল, লোহাগড়া জাতীয়তাবাদী ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লোহাগড়া উপজেলা কমিটি গঠিত হয়েছে। এর আগে লোহাগড়ায় এসব দলের অস্তিত্ব ছিল না। এ ছাড়া সম্প্রতি কৃষক দল ও যুবদলের লোহাগড়া শাখা কমিটি গঠিত হয়েছে। জিয়া পরিষদ, ছাত্রদল, শ্রমিক দল ও তরুণ দলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
৬ সেপ্টেম্বর লোহাগড়া জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠিত হয়। লোহাগড়া চৌরাস্তায় মাসিক দুই হাজার ৫০০ টাকা ভাড়ায় এর কার্যালয় নেওয়া হয়েছে। এর সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক খোকন কুণ্ডু। আকরামুজ্জামান প্রথম আলোকে বলেন, জাতীয়তাবাদী চেতনাকে ঐক্যবদ্ধ করতেই এই সংগঠন কাজ করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের লোহাগড়া উপজেলা ও পৌর কমিটি গঠিত হয় ১১ সেপ্টেম্বর। উপজেলা কমিটিতে মো. সাহিদুর রহমান সভাপতি এবং মো. শাহ আলমকে সাধারণ সম্পাদক হয়েছেন। পৌর কমিটির সভাপিত হন মো. আজাদ এবং সাধারণ সম্পাদক হন মুরাদ হোসেন। মো. আজাদ বলেন, বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করতে লোহাগড়ায় এই প্রথম এ ধরনের কমিটি করা হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে মো. মশিউর রহমানকে সভাপতি ও মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের উপজেলা কমিটি গঠিত হয়। এর পৌর কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হয়েছেন মিলটন হোসেন ও লুৎফার রহমান। গত ২৫ জুন গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর কমিটি। কৃষক দলের উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়েছে গত ১৪ জুলাই।
বিএনপির লোহাগড়া উপজেলা শাখার সভাপতি জি এম নজরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসছে—এই আশায় ব্যাঙের ছাতার মতো নতুন দল গজাচ্ছে। মূল দল, যুবদল ও ছাত্রদলে জায়গা না পেয়ে নিজেদের গুরুত্ব বাড়াতে এভাবে বিএনপি ঘরানার বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে। রাজনীতি এখন হয়েছে আখের গোছানোর নীতি।