বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ওপর ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম বিএনপির অনেক নেতা-কর্মী দল ছেড়েছেন। অনেকে দল ত্যাগের অপেক্ষায় আছেন। তাঁদের অভিযোগ, দল গঠনে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।এ ব্যাপারে সাকা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলের শৃঙ্খলা মানে না এমন কেউ দলে না থাকাই ভালো। দল ছেড়ে যাঁরা আওয়ামী লীগে যোগদান করছেন তাঁদের জনপ্রিয়তা কতটুকু তা আমার জানা আছে। এসব নেতা দল ছেড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।’এলাকাবাসী জানায়, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য ও পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল লতিফ, নুরুল আবছার তালুকদার, শাহ আলম তালুকদার, রফিক মিয়া ও শওকত হোসেন গত ২৬ জানুয়ারি তাঁদের অনুসারীদের নিয়ে প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ সময় ফুলের তোড়া তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য ফজলুল করিম তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। বিএনপির নেতা-কর্মীরা জানান, ১৯৯৬ সালে সাকা চৌধুরী বিএনপিতে যোগদান করে রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন। এরপর তাঁর আজ্ঞাবহ ব্যক্তিরাই রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি কমিটির নেতৃত্বে আসেন। যাঁরা ছিলেন তাঁর গঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতা-কর্মী। বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় কমিটির কোনো নিয়ন্ত্রণ নেই এ উপজেলার রাজনীতিতে। ফলে তাঁর পছন্দনীয় নেতাদের তিনি উপজেলা বিএনপির নেতৃত্বে আনেন। এতে ক্ষুব্ধ হয়ে তখন দল থেকে নীরবে স্বেচ্ছায় নির্বাসিত হয়েছেন অনেক ত্যাগী নেতা-কর্মী। আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা বিএনপির সদস্য ফজলুল করিম বলেন, গত বছরের ২০ ও ২১ নভেম্বর উপজেলা কমিটি গঠনের জন্য কাউন্সিলের তারিখ ঘোষণা করলেও তিনি (সাকা চৌধুরী) নিজের আজ্ঞাবহদের জেতার সম্ভাবনা ক্ষীণ দেখে পিছু হঠেন। পরে তাঁর আজ্ঞাবহদের দিয়ে গঠন করেন উপজেলা কমিটি। এতে ত্যাগী নেতা-কর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ফলে অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ হন। আওয়ামী লীগে যোগদানকারী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল লতিফ বলেন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপিতে নিজের অবস্থান পাকাপোক্ত করতে সাকা চৌধুরী হঠাত্ কিছু দুর্নীতিবাজ নেতার আর্বিভাব ঘটিয়েছেন। তাঁরাই দল চালাচ্ছেন। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুছ তালুকদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিএনপি একটি বৃহত্ দল। এখানে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই অনেকের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। এ জন্য দল ত্যাগ করতে হবে—এটা তিনি বিশ্বাসী করেন না।