জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদটি বিএনপি ধরে রাখতে চায় আর আওয়ামী লীগ তা জয় করার জন্য মরিয়া হয়ে আছে। দুই দলের প্রার্থীই কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন। তবে দলীয় কোন্দল থাকায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগের চেয়ে বিএনপির প্রার্থী অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
গতকাল শনিবার সকালে বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবির তালুকদার পৌরসভার আরামনগর বাজারে, দুপুরে মুলবাড়িতে ও সন্ধ্যায় ঝালোপাড়া গ্রামে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামান পৌরসভার শিমলাবাজার ও বাউসী বাজারে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এই পৌরসভায় জাতীয় পার্টির (এরশাদ) মেয়র পদপ্রার্থী এনামুল হক জোয়ার্দার, স্বতন্ত্র রহুল আমীন ও রফিকুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতা জানান, ১৯৯০ সালে সরিষাবাড়ী পৌরসভা স্থাপিত হয়। আওয়ামী লীগের অন্তঃকোন্দলের জন্য গত ২৫ বছরে পাঁচবার নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে বিএনপি জয়লাভ করেছে। আওয়ামী লীগের কোন্দল মিটিয়ে ফেলা না হলে নির্বাচনে এর প্রভাব পড়বে। ভোটাররা জানান, প্রার্থী বাছাই করতে উপজেলা ও জেলা আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নেওয়ায় এবারও বিএনপির প্রার্থী বিজয়ী হবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন ও সাবেক সভাপতি ও সাংসদ মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল মালেকের মধ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের পর থেকে কোন্দল দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক জানান, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে উপজেলা ও জেলা আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। রাজাকারদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে কোন্দল দেখা দিয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামান বলেন, ‘উপজেলা ও জেলা আওয়ামী লীগ আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে। নেত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমার বিজয় নিশ্চিত।’
কয়েকজন ভোটার জানান, আওয়ামী লীগের নেতারা বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলে সরিষাবাড়ীতে নির্বাচন জমে উঠবে। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সামর্থবাড়ী গ্রামের ভোটার ওসমান গণি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট দিতে পারব কি না তা নিয়ে সংশয়ে আছি। তবে সুষ্ঠু ভোট হলে বিএনপির প্রার্থী ফয়জুল কবির তালুকদার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন।’
বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবির তালুকদার বলেন, ‘ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে বিপুল ভোটে আমি আবারও মেয়র নির্বাচিত হব।’ তিনি আরও বলেন, ‘ভোটের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাঙ্গা-হাঙ্গামা করতে পারেন বলে ভোটাররা আতঙ্কে আছেন। তাই পৌরসভা নির্বাচনের দিন আমি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি।’