বিরোধী দল হিসেবে বিএনপি এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি। সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এ জন্য এখনো গণ-অভ্যুত্থান হয়নি।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়ামী লীগের দুঃশাসনের আড়াই বছর: বিপন্ন মানবতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।‘প্রজন্ম একাডেমি’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, ‘আমাদের দলের কিছু নেতার চেহারা দেখে মানুষ ভয় পায়। তার পরও দলের জন্য তাঁরা অপরিহার্য। এঁদের দলে রেখে সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখছি, তার বাস্তবায়ন সম্ভব নয়।...সরকারের দমনপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ হলেও বিএনপির ওপরও তারা খুব একটা আস্থা রাখতে পারছে না।’গয়েশ্বর বলেন, অতীতে যে পরিস্থিতিতে গণ-অভ্যুত্থান হয়েছে, তার চেয়ে এখনকার পরিস্থিতি মোটেই ভালো নয়। তার পরও গণ-অভ্যুত্থান হচ্ছে না, কারণ বিরোধী দল হিসেবে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পারেনি।