বিএনপি জানত হেরে যাবে: জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভোট শুরুর আগ থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে বিএনপি নির্বাচন বর্জন করবে। সত্যিকারের কারণটি হচ্ছে, তারা জানত যে তারা হেরে যাবে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা লিখেছেন তিনি।
জয় লিখেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ (গতকাল) বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে মোট ২৭০০ ভোট কেন্দ্রের মাঝে মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে আরও কিছু খবর এসেছে, তবে তা মোট ২৭০০ কেন্দ্রের তুলনায় নগণ্য।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ আরও লেখেন, শতাংশের হিসেবে ২০১৩ সালে হওয়া পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন, যেখানে বিএনপি পাঁচটিতেই জয়লাভ করেছিল, সেই নির্বাচনে আক্রান্ত কেন্দ্রের সংখ্যার তুলনায় এটি বেশ কম। নির্বাচন কমিশনের দায়িত্ব তদন্ত সাপেক্ষে দরকার হলে আক্রান্ত ভোটকেন্দ্রসমূহে পুনঃ ভোট করা।
গত সোমবার জরিপের ফলাফল তুলে ধরে জয় লিখেছেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। ঢাকা দক্ষিণে ২২৮০ জন উত্তরদাতার ৪৯ শতাংশ বলেছেন তাঁরা আওয়ামী লীগের পক্ষের প্রার্থী সাঈদ খোকনকে ভোট দেবেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ। ঢাকা উত্তরের ২১৬০ জনের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশের পছন্দ আনিসুল হককে, তাবিথ আউয়ালকে পছন্দ ৩৩ শতাংশের।