বিএনপি-জামায়াত এলে খুনিদের পুরস্কৃত করে: দীপু মনি
বিএনপি-জামায়াত যখনই সরকারে এসেছে, তখনই তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘পঁচাত্তরের হত্যার মাধ্যমে শুধু জাতির পিতাকে নয়, বাংলাদেশ নামের দেশটির সব চরিত্র-বৈশিষ্ট্য পাল্টে পুরোনো সেই পাকিস্তান বানানোর অপচেষ্টা চালানো হয়েছিল। দীর্ঘদিন সেই অপচেষ্টা চলেছে, যা এখনো অব্যাহত আছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি এবং আজকে যারা দেশকে সেই পাকিস্তানের আদলে নিয়ে যেতে চায়, তারা এবং তাদের সব অপচেষ্টা একই সূত্রে গাঁথা। পঁচাত্তরের খুনের বিচার হয়েছে। সেই বিচারের রায কার্যকর হয়েছে। তাদের মধ্যে এখনো যারা পলাতক রয়েছে, তাদের ফিরিয়ে আনার কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি, তাদের ফিরিয়ে আনতে পারব।’ মন্ত্রী বলেন, ‘আমরা পঁচাত্তরের খুনিদের যেভাবে বিচার করেছি, একইভাবে একাত্তরে যারা গণহত্যা করেছে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা যুদ্ধাপরাধ করেছে, তাদেরও আমরা বিচারের সম্মুখীন করেছি।’