বিএনপি-জামায়াত এলে দেশ মিনি পাকিস্তান হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিএনপির সঙ্গে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম মিলিত হয়েছে। আগামী নির্বাচনে তাদের আওয়ামী লীগ তথা আমাদের মোকাবিলা করতে হবে। ওই নির্বাচনে তারা যদি বিজয়ী হয়, তবে আমাদের এ প্রিয় বাংলাদেশকে তারা মিনি পাকিস্তান বানাবে। তাই এখন আমাদের এই স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
আজ রোববার রাতে শেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার কথা বলেছিলাম। গত পাঁচ বছরে আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে না পারলেও ক্ষুধামুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তবে বাংলাদেশে আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না, মঙ্গা হবে না। কারণ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা। তিনি যা বিশ্বাস করেন, তা-ই বলেন। জনগণের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তাই শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিশ্চিত করে বলতে পারি, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সরকার দলীয় হুইপ মির্জা আজম, ভূমিমন্ত্রী রেজাউল করিম, শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক প্রমুখ।
সভায় তৃণমূল পর্যায়ের কয়েকজন বক্তা দলীয় নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের সাফল্যের শেষ নেই। কিন্তু দলের সাংগঠনিক ব্যর্থতার কারণে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিরোধী দলের কাছে বার বার মার খাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ে আসীন নেতাদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের সমন্বয় না হওয়ার কারণেই এ ধরনের অবস্থার সৃষ্টি হচ্ছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।