
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর প্রথম একক রাজনৈতিক কর্মসূচিতে গতকাল রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের বিবরণ তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ফিরে এলে আবার বোমা হামলা হবে। দুর্নীতি ও হাওয়া ভবন ফিরে আসবে। দেশ আবারও অন্ধকারে ডুবে যাবে।সজীব ওয়াজেদ গতকাল রোববার ঢাকা থেকে ময়মনসিংহে কর্মী সমাবেশ করার আগে তিনটি স্থানে পথসভা করেন।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত কর্মী সমাবেশে জয় বলেন, ‘সামনে নির্বাচন। মানুষকে মনে করিয়ে দিতে হবে, আওয়ামী লীগ সরকার গত সাড়ে চার বছরে কী কী উন্নয়ন করেছে। এই উন্নয়নকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে তুলনা করতে হবে। নিজেদের মধ্যে তর্কবিতর্ক থাকতে পারে, তবে সবকিছু ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে আমাদের কেউ হারাতে পারবে না।’ জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত বিপ্লব শেষ করার জন্য তিনি আবার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। জয় আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবনে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় দেশে কয়েক মাস পর পর বোমা হামলা হতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই সন্ত্রাস বাংলাদেশ থেকে দূর করেছে। বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও বোমা হামলা হবে।’ এ সময় তিনি ময়মনসিংহে বোমা হামলার নৃশংসতার কথা ওই এলাকাবাসীকে মনে করিয়ে দেন।
ময়মনসিংহে যাওয়ার পথে বেলা ১১টার দিকে টঙ্গী টেশিস মাঠে এবং পৌনে ১২টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা স্কুল মাঠে দুটি পথসভায় তিনি বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে গাজীপুরে ইলেকট্রনিক ফ্যাক্টরি তৈরি করা হবে। সেখান থেকে টেলিভিশন, কম্পিউটার তৈরি করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি মানুষের আয় বেড়েছে, বার্ষিক মাথাপিছু আয় ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে, আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
সজীব ওয়াজেদ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর তৃতীয় পথসভাটি করেন ময়মনসিংহের মুক্তাগাছার রামকিশোর মডেল হাইস্কুল মাঠে। সেখানেও তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দুর্নীতি কমেছে।’ তিনি আরও বলেন, বিএনপির রেখে যাওয়া সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আওয়ামী লীগ সরকার নয় হাজার মেগাওয়াট করেছে। বিএনপি ক্ষমতায় এলে আবার বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে, লোডশেডিং ফিরে আসবে। তিনি আরও বলেন, বিএনপির আমলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলা হতো। আর এখন বাংলাদেশকে বলা হয় রাইজিং স্টার।
সবগুলো পথসভায় জয় বলেন, ‘আমরা ভিশন ২০২১-এর অর্ধেক পথ পর্যন্ত গিয়েছি।’ বাকি অর্ধেক বাস্তবায়নে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ সোমবার জয় টাঙ্গাইলে তিনটি ও গাজীপুরে একটি পথসভা করবেন। টাঙ্গাইলের পথসভা তিনটি হবে টাঙ্গাইল শহর, মির্জাপুর ও মধুপুরে। ঢাকায় ফেরার পথে সর্বশেষ পথসভাটি হবে কালিয়াকৈরের চন্দ্রায়।
জয়ের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে গাজীপুর ও ময়মনসিংহ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। মুক্তাগাছা ও ময়মনসিংহের পথসভায় অসংখ্য মানুষের সমাগম হয়।