বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অবরুদ্ধ করে রাখা হবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে নারীদের অবরুদ্ধ করে রাখা হবে। মহাজোট সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান হয়ে যাবে। সেখানে বিপর্যয় নেমে আসবে। একই সঙ্গে কৃষকদের জন্য বর্তমান সরকারের নেওয়া সব সুযোগ-সুবিধা বাতিল করে দেবে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক কর্মিসভায় এসব কথা বলেন রাশেদ খান মেনন।
মহাজোটের এই নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের পুনরুত্থান ঘটবে। তাই আগামী নির্বাচনে এ অপশক্তিকে রুখতে দেশের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন হেফাজতে ইসলামের সমালোচনা করে বলেন, ‘যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামকে রক্ষা করতে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। কওমি মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে এ সংগঠন গড়ে তোলার পেছনে কাজ করেছে জামায়াত। এরপরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি।’

ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখা এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শাখার মহাসচিব আবু হানিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, শামসুদ্দিন সেলিম, মোখতার আহমেদ প্রমুখ।