বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীরা মুক্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে ব্যর্থ হলে এবং পরবর্তী নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন হলে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা মুক্তি পেয়ে যাবে। তখন উল্টো যারা যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে, তারাই বিপদে পড়বে। তাই আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় আসা জরুরি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর এবং গণহত্যাকারী জামায়াতের বিচারে বাধা কোথায়’ শীর্ষক ওই সভায় সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম। সভার প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার গোলাম আযমের রায় নিয়ে উত্থাপিত বক্তব্যের জবাবে বলেন, গোলাম আযমের অপরাধের তুলনায় শাস্তি আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে বলেন, জামায়াত এত শক্তিশালী কোনো সংগঠন নয় যে তাদের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। জামায়াতের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘ট্রাইব্যুনাল নিয়ে আমরা শঙ্কিত। সরকার পরিবর্তন হলে ট্রাইব্যুনাল ভেস্তে যেতে পারে।’ সংবিধানের ৪৯ ধারা উল্লেখ করে তিনি জানান, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতাসীন হলে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে। ইতিহাসবিদ মুনতাসীর মামুন যুদ্ধাপরাধীদের বিচার করায় আওয়ামী লীগকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘রায়-পরবর্তী প্রক্রিয়া দেখে মনে হচ্ছে, এ সরকারের আমলে রায় কার্যকর হবে না।’ তিনি অভিযোগ করেন, একাত্তরে যারা অপরাধ করেছে, তাদের বাঁচাতে পুরো রাষ্ট্র এক হয়ে গেছে। দেশের বড় একটি অংশ এখন জামায়াত-শিবিরের রাজনীতিকে সমর্থন করছে। জামায়াত-শিবির নিষিদ্ধ হোক, এটাও অনেকে চায় না। গোলাম আযম থেকে আহমদ শফী পর্যন্ত সবাই এখন তাদের সুনজরে। আলোচনা সভার সূচনা বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির অপরাধ প্রমাণিত হওয়ার পর গোলাম আযমকে মৃত্যুদণ্ড না দেওয়ার সমালোচনা করে বলেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধীকে লঘু শাস্তি দিতে পারেন না। এটি করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত ক্ষমতাসীন হতে পারলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার সুযোগ ব্যবহার করে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা মুক্তি পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাসগুপ্ত বলেন, ট্রাইব্যুনাল জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। নিষিদ্ধ করার কাজটি এখন সরকারের। এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।