বিএনপি-জামায়াত নির্বাচন বন্ধে ৫৫৩টি স্কুলে আগুন দিয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াত ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে দেশের ৫৫৩টি স্কুলে আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আজ রোববার সংসদে সরকারি দলের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে আরও বলেন, বিএনপি-জামায়াতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্কুলের সংস্কারের জন্য ইতিমধ্যে প্রাক্কলন করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সংস্কার কাজ করা হবে।

ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষার মান উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উচ্চশিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। অচিরেই এ প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে।

জাসদের সাংসদ নাজমুল হক প্রধানের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব জেলায় এখনো পলিটেকনিক ইনস্টিটিউট নেই; সেসব জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছয় হাজার ৯০৮টি শিক্ষক-কর্মচারীর পদের বিপরীতে ৯৪৫টি শিক্ষকের পদসহ মোট দুই হাজার ৯৪৯টি পদ শূন্য রয়েছে। তবে অধিদপ্তরের আওতায় চলমান স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে খণ্ডকালীন ভিত্তিতে এসব শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ করে শিক্ষক স্বল্পতা দূর করা হয়েছে। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীদের শূন্য পদসমূহ পূরণের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।