বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
‘দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র কলাভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম সরকার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শামসুল আলম জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী উভয় সংগঠনের শিক্ষকেরা আগামীকাল বৃহস্পতিবার থেকে কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। বিষয়টি কাল উপাচার্যকে জানানো হবে।
শীতকালীন ছুটি শেষে গত ১২ জানুয়ারি ক্যাম্পাস খুললেও হরতাল-অবরোধের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার থেকে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এক দিনের মাথায় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বর্জনের এ ঘোষণা দিলেন।