বিএনপি-জামায়াতের সঙ্গে আ.লীগের সংঘর্ষ সাতক্ষীরায় আহত ১২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের ১২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির সমর্থকদের একটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাশিমারিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
সফিকুল ইসলামসহ আওয়ামী লীগের কয়েকজন সমর্থককে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে ওই কলেজের মাঠে কাশিমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমশের আলীর সভাপতিত্বে সমাবেশ হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জয়নগর এলাকার দিকে যাওয়ার সময় তাঁরা কাশিমারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ি ও হাফিজুর রহমানের দোকান ভাঙচুর করেন।
এ সময় বিএনপি ও জামায়াতের কয়েক শ কর্মী ও সমর্থক আওয়ামী লীগের মিছিলে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে গোবিন্দপুর গ্রামের আকবর পেয়াদা, লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, মিন্টু মোড়ল, আশরাফ আলী, সফি ঢালী, রাজবুল গাজী, বিল্লাল গাজী, আবদুল কালাম, আবদুর রহমান, খুঁটিঘাটা গ্রামের আশরাফ আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মণ্ডল আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনারুল হোসেন ঢালী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামানের নেতৃত্বে বিএনপির নেতা ও সমর্থকদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। একপর্যায়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে সেখানে সংঘর্ষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কারও ঘর ও দোকান ভাঙচুর করেননি।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বর্তমানে কাশিমারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।